ঢাকার কেরানীগঞ্জে ছেলের হাতে মা খুন হওয়ার অভিযোগ

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ছেলের হাতে এক মা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার ভোরে মডেল থানার জিঞ্জিরা মডেল টাউন এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত নারীর নাম শাহিদা খাতুন (৫৫)। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ জুবায়ের নিহতের বড় ছেলে জাকারিয়া ইসলামের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, ছেলে তাজুল ইসলামের (২৮) সঙ্গে তাঁর মা শাহিদা খাতুনের টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। এরপর ছেলে মাকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরে তাজুলকে আটক করা হয়। আর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত শাহিদার বড় ছেলে জাকারিয়া ইসলাম বলেন, ভোর চারটার দিকে আমরা মায়ের চেঁচামেচির শব্দ শুনে জেগে দেখি তাঁর ঘর বাইরে থেকে বন্ধ। বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে মায়ের মৃতদেহ উদ্ধার করে। ভাইকে আটক করে। তিনি বলেন, তাঁদের মা গ্রামের বাড়িতে থাকতেন। দুই ভাই একসঙ্গে কেরানীগঞ্জে থাকতেন। গতকাল বিকেলেই ছেলেদের বাসায় আসেন তিনি। রাতে ছেলের সঙ্গে ঘুমাতে গিয়েছিলেন। তাঁর ভাই তাজুল মানসিক ভারসাম্যহীন। তিনি প্রায়ই পাগলের মতো আচরণ করতেন বলেও মন্তব্য করেন তিনি।

ওসি বলেন, ঘটনার তদন্ত চলছে। বড় ভাই জাকারিয়া ইসলাম বাদী হয়ে ছোট ভাই তাজুল ইসলামকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।