
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
পুলিশ সপ্তাহের অংশ হিসেবে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। আজ সোমবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে এ অনুষ্ঠান হয়।
গতকাল রোববার ক্যাম্পাস থেকে বান্ধবীর বাসায় যাওয়ার পথে ওই শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। এই ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে।
গতকাল গভীর রাতে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁকে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের আবাসিক শিক্ষার্থী।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন প্রয়োগকারী সংস্থা ঘটনার তদন্ত করছে।
পুলিশের আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।