ভূগর্ভস্থ তার চুরির কারণে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস লিমিটেডের (বিটিসিএল) রমনা এক্সচেঞ্জের আওতাধীন এক হাজার ২৩০টি টেলিফোন সংযোগ বিকল হয়ে পড়েছে। বিটিসিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, এই সংযোগগুলো হাইকোর্ট, গণপূর্ত ভবন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এলাকার। গত শুক্রবার রাতের যেকোনো সময়ে ওই এলাকার ১ হাজার ৭০০ জোড়ার তিনটি ভূগর্ভস্থ তার কে বা কারা কেটে ফেলায় এ অবস্থা হয়েছে। এ ব্যাপারে শাহবাগ থানায় জিডি করেছে বিটিসিএল কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিটিসিএল বলেছে, চার-পাঁচ দিনের মধ্যে এসব সংযোগ চালু করতে কাজ চলছে।