বান্দরবান সদর থানার সামনে এনামুল হক নামের এক এসআইয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। কৃষক লীগের পৌর সাধারণ সম্পাদক আবুল বশর গত শুক্রবার রাতে এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার সকালে এসআই এনামুল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
সদর উপজেলার সুয়ালক ইউপির সদস্য রিনা বেগম জানান, ইউপি নির্বাচনে পরাজিত হয়ে তাঁর প্রতিপক্ষ আবুল বশর, নূরুল কবীর ও তাঁদের লোকজন প্রায়ই তাঁকে মানসিক নির্যাতন ও হয়রানি করেন। এ কারণে তিনি থানায় অভিযোগ করলে এসআই এনামুল শুক্রবার উভয় পক্ষকে ডেকে বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু মীমাংসা শেষে চলে যাওয়ার সময় থানার প্রধান ফটকে আবুল বশর ও তাঁর লোকজন তাঁদের ওপর হামলা চালান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর আবুল বশরকে আটক করলে রাত সাড়ে আটটার দিকে কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা প্রতিবাদ মিছিল করেন। তাঁরা থানা ঘেরাও করতে গেলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে।