চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাক থেকে ১৭ হাজার ৫৩০ কেজি সয়াবিন ভুসি, ১২২০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। তাঁরা হলেন পাবনা সদর থানার রাধানগর বাহাদুরপুর গ্রামের লুৎফর রহমান (৫০) ও পাবনার সাঁথিয়া থানার বনগ্রাম মিয়াপুর গ্রামের বাবু হোসেন (২০)। চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) সহিদার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত বুধবার দিবাগত রাত একটার দিকে মহানন্দা ব্রিজসংলগ্ন টোলঘর এলাকায় এ অভিযান চালানো হয়।