নবাবগঞ্জে প্রবাসী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

ঢাকার নবাবগঞ্জ উপজেলার রায়পুর গ্রামে অস্ত্রধারী দুর্বৃত্তের গুলিতে শহিদ খান (৩৯) নামের এক প্রবাসীর নিহত হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. কালাম (২৬) ও মনির হোসেন (২৮)।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত দুইটার দিকে সাত-আটজন অস্ত্রধারী মুখোশ পরা অবস্থায় শহিদ খানের বাড়িতে হানা দেয়। তারা কাঠের দরজা ভেঙে ঘরে ঢুকে শহিদ খান ও তাঁর স্ত্রী হামিদা বেগমকে লাঠি দিয়ে বেদম মারধর করে। একপর্যায়ে একজনের মুখোশ খুলে যায়। এ সময় শহিদ খান ওই ব্যক্তিকে চিনে ফেলেন। এ সময় শহিদকে গুলি করে দুর্বৃত্তরা। গুলির শব্দে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদকে মৃত ঘোষণা করেন।