নারায়ণগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাওলীপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আশরাফুর ইসলাম, মোহাম্মদ আলী ও মাসুদ রানা। তাঁদের বাড়ি রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছমপুর গ্রামে। র‍্যাবের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অস্ত্র ব্যবসায়ী।

আজ রোববার সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র‌্যাব-১১-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি চাপাতি ও আটটি রামদা উদ্ধার করা হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।