ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার নারায়ণগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। তবে পুলিশের বাধার কারণে ক্ষুব্ধ নেতা-কর্মীরা দুটি ট্রাক ও একটি অটোরিকশা ভাঙচুর করেন।
বিকেল সোয়া পাঁচটার দিকে নগরের দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল ও মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার। সমাবেশ শেষে মিছিলটি নগরের ২ নম্বর রেলগেট এলাকায় পৌঁছার সঙ্গে সঙ্গে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। পুলিশের বাধার কারণে মিছিল না করে বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের কাছে গিয়ে সামনের রাস্তার অর্ধেকটা দখল করে দাঁড়িয়ে থাকেন। এ সময় তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করে দুটি ট্রাক ও একটি অটোরিকশা ভাঙচুর করেন।
নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ কোনো কারণ ছাড়াই বাধা দিয়ে মিছিল ঘুরিয়ে দিলে কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় ইটের আঘাতে কোনো যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমার জানা নেই। আমরা কর্মীদের বুঝিয়ে বিএনপি কার্যালয়ে নিয়ে আসি।’
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর থানার ওসি এস এম মঞ্জুর কাদের বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার জন্য তাদের মিছিল ঘুরিয়ে দেওয়া হয়। যানবাহন ভাঙচুরের ব্যাপারে কেউ অভিযোগ করলে আমরা মামলা নেব।’