নেত্রকোনায় নিখোঁজের দুই দিন পর এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। ওই কৃষকের নাম মো. জাহাঙ্গীর আলম (৩২)। তিনি জেলার মদন উপজেলার কদমশ্রী গ্রামের মৃত কাজল মিয়ার ছেলে। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে মদন থানার পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম গত বুধবার বেলা তিনটার দিকে বাড়ির সামনে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। এরপর থেকে তাঁর সন্ধান পাওয়া যায়নি। আজ শুক্রবার সকালে একই উপজেলার ফতেপুর গ্রামের সামনে মগড়া নদীতে স্থানীয় লোকজন একটি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে জাহাঙ্গীরের মামা মনোয়ার হোসেন লাশটি শনাক্ত করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুল রহমান বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে জাহাঙ্গীরের মৃতদেহটি হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।