নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী

পুড়িয়ে মানুষ হত্যা করা কোনো রাজনীতি নয়

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা কোনো রাজনীতি নয়। শেখ হাসিনার নেতৃত্বে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারী জেলা সদরের যাদুরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, সন্ত্রাস, নাশকতা করে বিএনপি-জামায়াত দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করেও তারা তাদের সহিংস কর্মসূচি প্রত্যাহার করেনি। জনসমর্থনহীন কর্মসূচির কারণে দেশের মানুষ আজ তাদের প্রত্যাখ্যান করেছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আরিফুজ্জামানের সভাপতিত্বে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ বক্তৃতা করেন।
গতকাল ছিল বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের চাকরিজীবনের শেষ দিন। দিনটি স্মরণীয় করে রাখতে সংবর্ধনার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষ হওয়ার পর সেখানে যাদুরহাট যুবকল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে বিজয়ী ট্রফি দেন মন্ত্রী। আছির উদ্দিন কবিরাজ স্মরণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।