পোশাক কারখানার কর্মকর্তা নিখোঁজ

ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে গত মঙ্গলবার মওদুদ আহমেদ নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি একটি পোশাক কারখানার কর্মকর্তা।
মওদুদ ঢাকার আশুলিয়ার ডেন্ডাবর এলাকার বাসিন্দা এবং পলমল গ্রুপের আয়শা ক্লথিং নামের একটি পোশাক কারখানার ব্যবস্থাপক (মান নিয়ন্ত্রণ)। পাশাপাশি তিনি তৈরি পোশাকের ব্যবসা করতেন।
মওদুদের স্ত্রী লুবনা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ঈদের ছুটিতে স্বামীর সঙ্গে তিনি ময়মনসিংহের মুক্তাগাছায় তাঁর বাবার বাড়ি বেড়াতে যান। সেখান থেকে মঙ্গলবার বিকেলে তাঁরা ডেন্ডাবরের বাসায় ফেরেন। এর কিছু সময় পর পাওনা টাকার জন্য সাভার বাসস্ট্যান্ড এলাকার দীলখোশা বিপণিবিতানে যাওয়ার কথা বলে তাঁর স্বামী মওদুদ বাসা থেকে বেরিয়ে যান। রাত নয়টার দিকে স্বামীর মুঠোফোনে কল করে বন্ধ পান। তাঁর আর কোনো হদিস পাওয়া যায়নি।
মওদুদের শ্যালক ফয়সাল আহমেদ বলেন, এ ঘটনায় গত বুধবার তিনি সাভার মডেল থানায় জিডি করতে যান। থানার এক কর্মকর্তা তাঁকে জিডি করা থেকে বিরত রেখে সহকারী এএসআই নঈমুল ইসলামের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। যোগাযোগ করলে এএসআই নঈমুল প্রযুক্তির সাহায্যে তাঁর ভগ্নিপতিকে উদ্ধারের আশ্বাস দেন। এ জন্য তাঁর কাছ থেকে দুই হাজার টাকা নেন।
ফয়সাল আরও বলেন, স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিষয়টি জানতে পেরে সাভার মডেল থানার ওসি কামরুজ্জামানকে অবহিত করেন। এরপর ওসির হস্তক্ষেপে গতকাল বিকেলে তিনি জিডি করতে সক্ষম হন।
অভিযোগের বিষয়ে তাঁর মন্তব্য জানতে এএসআই নঈমুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি মুঠোফোন ধরেননি।
ওসি কামরুজ্জামান বলেন, মওদুদকে উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। আর নঈমুলের বিরুদ্ধে অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।