পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির নড়াইলের উপবিভাগীয় প্রকৌশলী শেখ শফিউল ইসলামকে (৫৭) পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত পৌনে ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে এ ঘটনা ঘটে। শফিউল দাপ্তরিক কাজ সেরে জেলা পরিষদ ডাকবাংলোর দিকে যাচ্ছিলেন। পথে তিনি হামলার শিকার হন। শফিউলকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম প্রকৌশলী শফিউলের ওপর হামলার সত্যতা নিশ্চিত করেন।