প্রতিপক্ষের হামলায় পল্লি চিকিৎসক নিহত

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় আজ শনিবার অনিল কুমার (৫০) নামের এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে।

সাদুল্যাপুর থানার পুলিশ ও নিহতের পরিবারের ভাষ্য, দীর্ঘদিন ধরে একটি খাস জমির মালিকানা নিয়ে জামুডাঙ্গা গ্রামের অনিল কুমারের সঙ্গে একই গ্রামের সিদ্দিক মিয়ার দ্বন্দ্ব ও মামলা চলছিল। আজ সকাল ১০টার দিকে সিদ্দিক মিয়া লোকজন নিয়ে ওই খাস জমিতে ঘর বানাতে যান। খবর পেয়ে অনিল কুমার ও তার লোকজন ঘর নির্মাণে বাধা দেন। এ সময় সিদ্দিক মিয়ার লোকজন অনিল কুমার ও তার লোকজনের ওপর হামলা চালায়। এতে অনিল কুমার ও তার পাঁচ ভাই আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অনি​ল কুমার মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, ঘটনাস্থল থেকে দা, কুড়াল, খ‌ুন্তি, বেকি ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সিদ্দিক মিয়ার বোন সুরপি বেগম (২৮) ও মা মালেকা বেগমকে (৫০) আটক করেছে।

ঘটনার পর থেকে সিদ্দিক মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক। যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।