প্রতিপক্ষের হামলায় ভাইবোন নিহত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাইবোন নিহত হয়েছে। গতকাল রোববার উপজেলার মইলাকান্দা ইউনিয়নের বৈরাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রাবেয়া আক্তার (৫৫) ও তাঁর ভাই রাত্তিক মিয়া (৫২)। এ ছাড়া হামলায় বেশ কয়েকজন আহত হলেও তাদের নাম জানা যায়নি। গৌরীপুর থানা-পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় বৈরাটি গ্রামের আফতাব উদ্দিন নামের এক ব্যক্তির ধানের চারা খেয়ে ফেলে প্রতিবেশী রাত্তিক মিয়ার বাছুর। এ ঘটনায় আফতাব উদ্দিন ক্ষিপ্ত হয়ে বাছুরটিকে পেটান। এ নিয়ে গতকাল সকালে গ্রাম্য সালিস বসে। সালিস চলাকালে আফতাব উদ্দিন, তাঁর ভাই ফজলুল হক ও কেনুর নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল রামদা ও লাঠিসোঁটা নিয়ে রাত্তিকের পরিবার ও তাঁর লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়।