সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের ক্ষ্রীদ্র জোক নালা গ্রামে দুটি মন্দিরের কালী প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতের কোনো একসময় ওই গ্রামের বারোয়ারি কালীমন্দির ও কালীপদ সরকারের পারিবারিক মন্দিরে এ ঘটনা ঘটে। বেলকুচি থানার এসআই নাজমুল হোসেন গতকাল মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে জানান, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বারোয়ারি কালীমন্দিরে প্রতিমার মাথা ভেঙে ফেলে ও পারিবারিক মন্দিরের কালী প্রতিমা ও সরস্বতী প্রতিমা ভাঙচুর করেছে। সকালে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় মন্দির কমিটির পক্ষ থেকে মামলা করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।