রংপুর শহরের আলমনগর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে গতকাল বুধবার ইস্পাহানি (বিহারি) ক্যাম্পের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ওই সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে
পুলিশ গিয়ে উভয় পক্ষকে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে বেশকিছু লাঠিসোঁটা, চাকুসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় চার ব্যক্তিকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, গত সোমবার ওই এলাকার রবার্টসন্সগঞ্জ স্কুল মাঠে দুটি বিহারি ক্যাম্পের মধ্যে ফুটবল খেলা হয়। এ খেলায় জয়-পরাজয় নিয়ে ওই দিন উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে গতকাল দুই পক্ষের মধ্যে ওই সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।