ফেনীতে গতকাল সোমবার রাতে মো. মঞ্জুরুল আলম ওরফে মঞ্জু (২২) নামে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঞ্জুরুল ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ২ নম্বর শিবপুর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।
ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক ওরফে রিপন জানান, গতকাল রাত সাড়ে আটটার দিকে শিবপুর বাঘার দীঘিরপাড় নামক স্থানে মঞ্জুরুলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। তাঁকে প্রথমে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি এ ঘটনার জন্য যুবদল ও ছাত্রদলের কর্মীদের দায়ী করেন।
জেলা ছাত্রদলের একাংশের সভাপতি নঈম উল্যাহ চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, তিনি ঘটনাটি শুনেছেন।