ফেনী পৌরসভার দুটি পৃথক স্থান থেকে এক যুবক ও এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ও রাতে লাশ উদ্ধারের তথ্যের সত্যতা নিশ্চিত করেন ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাহবুবর রহমান।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল রাত ৮টার দিকে শহরের বিরিঞ্চি কদলগাজী রোডের স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের পাশের কবরস্থানের একটি পুরোনো ভাঙা কবর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ সেখানে গিয়ে ওই ভাঙা কবর থেকে অজ্ঞাতপরিচয় (২২) এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে। তাঁর পরনে ছিল জিনসের হাফপ্যান্ট।
পুলিশের ধারণা, ওই যুবককে ৫-৬ দিন আগে হত্যা করা হয়। এরপর লাশটি গুম করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ওই ভাঙা কবরের মধ্যে ফেলে গেছে। এ ঘটনায় ফেনী সদর মডেল থানায় একটি হত্যা ও লাশ গুমের মামলা করেছে পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন মামলাটি তদন্ত করবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী শহরের পাগলা মিয়া সড়কে (হাজারি রোড) এক কিশোর নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সেখানে নির্মাণাধীন একটি ১০ তলা ভবনে কাজ করার সময় বৈদ্যুতিক শর্টসার্কিটে রাজমিস্ত্রির সহকারী ওই কিশোর মারা যায়। নিহত কিশোরের নাম তারেক হোসেন (১৫)। বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরবংশীতে। সপরিবারে ফেনীতে থাকত সে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।