ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থলবন্দর এলাকা থেকে গত বুধবার রাতে ১১ লাখ ভারতীয় রুপিসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
আটক গিয়াস উদ্দিনের (৪৫) বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের বাথানিয়া গ্রামে।
৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আহমেদ জুনাইদ আলম খান বলেন, সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে বিলোনিয়া স্থলবন্দর এলাকায় তল্লাশিচৌকি বসায় বিজিবি। এ সময় ভারত থেকে দেশে আসা গিয়াস উদ্দিনের ব্যাগ তল্লাশি করে ১১ লাখ ১৩ হাজার ৩৫৫ ভারতীয় রুপি, ১৫০ মার্কিন ডলার ও কিছু ভারতীয় প্রসাধনসামগ্রী পাওয়া যায়। পরে তাঁকে আটক করা হয়।
বিজিবি জানায়, আটক গিয়াসকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পরশুরাম থানায় মামলা হয়েছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী জানান, গিয়াসকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।