রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ এস এম জার্জিস কাদির ফেসবুকে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানোয় ওই শিক্ষাপ্রতিষ্ঠানের চার শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে নগরের রাজপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার পুলিশ দুই শিক্ষককে আটক করেছে।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, আটক দুজন হলেন কলেজের শিক্ষক আবু হায়দার আকবর ও আনোয়ারুল ইসলাম। অভিযুক্ত অপর দুজন হলেন শিক্ষক শফিকুল ইসলাম ও গবেষণাগার সহকারী শফিউল ইসলাম। তাঁরা পলাতক।
থানা-পুলিশ সূত্র জানায়, জার্জিস কাদির ওই কলেজ থেকে বদলি হয়ে রাজশাহীর একটি কলেজে যোগ দেন। এরপর থেকে তাঁর বিরুদ্ধে অভিযুক্তরা ফেসবুকসহ নানাভাবে অপপ্রচার চালাতে থাকেন।