বাবার হাতে ছেলে খুন

ফরিদপুরের সালথায় এক ব্যক্তির মারধরে তাঁর ছেলে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামে গত রোববার রাতে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম হারুন শেখ (৩৫)। এ ঘটনায় পুলিশ হারুনের বাবা আবদুল হককে (৬২) আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী ফেলু শেখ (৩৮) বলেন, পারিবারিক বিষয় নিয়ে মামলার জের ধরে বাবা ও চাচা রোববার রাত আটটার দিকে হারুনকে মামলা তুলে নেওয়ার কথা বলেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবদুল হক, কাসেমসহ সাত-আটজন রড ও লাঠি দিয়ে হারুনকে বেধড়ক পেটান। এ সময় হারুনকে বাঁচাতে এসে তিনি (ফেলু) ও জাফর শেখ (৩৩) আহত হন।