চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বারআউলিয়া দরগাহ-সংলগ্ন তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান বারআউলিয়া মেডিকেল হলে হামলা ও ভাঙচুর করা হয়।
জাহাঙ্গীর চৌধুরীর চাচাতো ভাই মোহাম্মদ রাসেল চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মুখোশধারী ১০-১২ জন সশস্ত্র যুবক গাড়ি থেকে নেমে কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। এ সময় তারা ফাঁকা গুলি ছোড়ে।
জাহাঙ্গীর চৌধুরী কাছে দাবি করেন আতঙ্ক সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা জাহাঙ্গীর চৌধুরীর ওষুধের দোকানে ভাঙচুর করে পালিয়ে যায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। হামলায় কেউ হতাহত হয়নি।