পঞ্চগড়ের শিংরোড সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড সীমান্তের ৭৫৪ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও সীমান্তবাসী সূত্র জানায়, চাকলাহাট ইউনিয়নের রতনীবাড়ি হাট থেকে এলাকার কৃষক আবুল কালাম আজাদ (৪০), মো. আলমগীর (৪০) ও মো. সুফিয়ার (৪৫) সীমান্ত লাগোয়া সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ভারতের ১০২ খয়েরবাড়ি বিএসএফ ব্যাটালিয়নের সাকাতি সীমান্ত ফাঁড়ির (বিওপির) সদস্যরা তাঁদের লক্ষ্য করে চারটি গুলি ছোড়েন। বিএসএফের গুলি আবুল কালাম আজাদের ডান চোখের ওপরে ছুঁয়ে যায়। এ সময় অন্য দুজনও সামান্য আহত হন। আবুল কালামকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।