চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ টাকা সমমানের বৈদেশিক মুদ্রাসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটায় তাঁকে আটক করা হয়।
আটক যাত্রীর নাম আবদুর শুক্কুর। তাঁর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন কাস্টমস কর্মকর্তারা।
বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার নুরউদ্দিন মিলন প্রথম আলোকে বলেন, দুবাইগামী ওই যাত্রীর ব্যাগ স্ক্যান করা হয়। এ সময় তাঁর গতিবিধি সন্দেহজনক হলে তাঁর কাছে থাকা কার্টন খোলা হয়। ছোট আকারের একটি কার্টনে একটি কাঁঠাল ও দুটি আনারসের নিচের স্তরে সাজিয়ে রাখা বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।
এই কর্মকর্তা জানান, কার্টন থেকে ১৩ হাজার ৬৮৫ মার্কিন ডলার, ১৯ হাজার ৯৭৮ দিরহাম, ১২ হাজার ৩৭০ রিয়াল, ৩ হাজার ৩৭৫ দিনার জব্দ করা হয়।