সেতুর দরপত্র ও নির্মাণকাজে অনিয়ম

ভূরিভোজে অংশ নেওয়া তদন্ত কমিটি বাতিল

পটুয়াখালীর বাউফল উপজেলায় ৩০টি সেতুর দরপত্র, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ নানা অনিয়মের ঘটনা তদন্তে গঠিত কমিটি গতকাল বৃহস্পতিবার বাতিল করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
গত বুধবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু ও কালভার্ট বিভাগের উপ-প্রকল্প পরিচালক সাখাওয়াৎ হোসেনের নেতৃত্বে একটি দল বাউফলে আসে। ওই তদন্ত দলের সঙ্গে ছিলেন বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলার অন্তত ২০ জন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)। তাঁদের জন্য কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামে অধিদপ্তরের সেতু-কালভার্ট বিভাগের বিভাগীয় প্রকৌশলী জহিরুল ইসলামের বাড়িতে তাঁর উপস্থিতিতে ভূরিভোজের আয়োজন করেন স্থানীয় ঠিকাদারেরা। জহিরুলের ছোট ভাই সাইদুর রহমান ওরফে শামীম মুন্সিও একজন ঠিকাদার ও কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি একটি সেতুরও কাজ পেয়েছেন।
গতকাল প্রথম আলোয় ‘তদন্ত করতে এসে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গেই ভূরিভোজ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই ওই তদন্ত কমিটি বাতিল করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।