কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্তে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। তাঁর নাম আবদুল গনি (৫০)। গতকাল সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
আবদুল গনির বাড়ি শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে। বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানালে দুই দফা পতাকা বৈঠকের পর লাশ ফেরত দেয় বিএসএফ। বেলা সাড়ে তিনটার দিকে লাশটি ভূরুঙ্গামারী পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। বিএসএফের পিটুনিতে আলাউদ্দিন ও রইস উদ্দিন নামে আরও দুজন ব্যবসায়ী আহত হয়েছেন।
কুড়িগ্রামের ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. জাকির হোসেন বলেন, বিএসএফ এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।