মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক স্কুলশিক্ষিকাকে ধর্ষণের ঘটনায় হওয়া মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার তাঁকে শমশেরনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ওই মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ওই আসামির নাম মুকিত মিয়া (৩৫)। তাঁর বাড়ি উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, কমলগঞ্জ উপজেলায় শমশেরনগর-ডবলছড়া রাস্তায় গত ৩ জুন রাতে গণধর্ষণের শিকার হন খাসিয়াপুঞ্জির ওই স্কুলশিক্ষিকা। এ ঘটনায় ওই শিক্ষিকা গত ১২ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
ওই মামলার তদন্ত কর্মকর্তা কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বদরুল হাসান জানান, গত বুধবার বিকেলে এ মামলার আসামি মুকিত মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত এ মামলায় মুকিতসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।