মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিবেদন বলছে, গত মে মাসে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ তিনজন বাংলাদেশিকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে দুজনকে গুলি করে ও একজনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ছাড়া বিএসএফের গুলি ও নির্যাতনে আহত হন আরও দুই বাংলাদেশি।
অধিকারের প্রতিবেদনে বলা হয়, কোনো প্রতিবাদের তোয়াক্কা না করে বাংলাদেশের সীমান্তে বিএসএফ যখন-তখন গুলি করে বাংলাদেশের বেসামরিক নাগরিকদের হত্যা করা অব্যাহত রেখেছে। মে মাসে সারা দেশে ধর্ষণের শিকার হন ৭৫ জন নারী। এ ছাড়া যৌতুক-সহিংসতার শিকার হয়েছেন ১৭ জন, যৌন হয়রানির শিকার হয়েছেন নয়জন এবং অ্যাসিড সহিংসতার শিকার হয়েছেন চারজন নারী। এ সময়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১৮ জন। মে মাসেই ১০ জন সাংবাদিক হুমকির সম্মুখীন হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন একজন সাংবাদিক।