যাত্রীবেশে চালককে হত্যা, মোটরসাইকেল নিয়ে পালানোর সময় ধরা

গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীতে যাত্রী সেজে মোটরসাইকেলে উঠে চালককে গলা কেটে হত্যা করেছেন এক যুবক। চালককে হত্যার পর তিনি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। পরে পুলিশের হাতে ধরা পড়েন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পল্লবীর ‘ধ’ ব্লকে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যায় জড়িত সন্দেহভাজন যুবককে আজ বুধবার ভোরে গ্রেপ্তার করে পুলিশ।
হত্যার শিকার মোটরসাইকেলচালকের নাম রাজা মিয়া (৩০)। তাঁকে হত্যার অভিযোগে গ্রেপ্তার যুবকের নাম কাউসার আহমেদ (২২)।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম প্রথম আলোকে বলেন, ‘রাজা মিয়াকে হত্যার কথা স্বীকার করেছেন কাউসার।’

পুলিশ বলছে, কাউসারের ভাষ্য অনুযায়ী, তিনি গতকাল রাতে পল্লবী থেকে গাবতলী যেতে দেড় শ টাকা ভাড়ায় মোটরসাইকেলচালক রাজা মিয়ার সঙ্গে চুক্তি করেন। তিনি রাজা মিয়াকে কৌশলে পল্লবীর ‘ধ’ ব্লকের একটি অন্ধকার-নির্জন জায়গায় নিয়ে যান। একপর্যায়ে তিনি রাজা মিয়াকে পেছন দিক থেকে গলা কেটে হত্যা করেন। তাঁর মোটরসাইকেল নিয়ে তিনি পালিয়ে যান।

ওসি পারভেজ ইসলাম বলেন, মোটরসাইকেল নিয়ে পালানোর সময় আজ ভোরে সাভারের বিরুলিয়া চেকপোস্টে কাউসারকে গ্রেপ্তার করে সাভার থানার পুলিশ। চেকপোস্টে কাউসারকে থামানোর সংকেত দিলে তিনি মোটরসাইকেল ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

মোটরসাইকেলে লেগে থাকা রক্তের বিষয়ে জানতে চাইলে তিনি পুলিশকে বলেন, চালক দুর্ঘটনায় মারা গেছেন। পরে তিনি মোটরসাইকেল নিয়ে পালিয়ে এসেছেন। অধিকতর জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেলচালককে হত্যার কথা স্বীকার করেন।

ওসি পারভেজ ইসলাম বলেন, কাউসার জিজ্ঞাসাবাদে বলেছেন, তিনি হানিফ এন্টারপ্রাইজের চালকের সহকারী হিসেবে কাজ করেন। তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন বলে দাবি করেন। তাঁর ভাষ্য, ঋণের টাকা পরিশোধ করতেই তিনি মোটরসাইকেল চুরির পরিকল্পনা করেন। এই পরিকল্পনার অংশ হিসেবে অ্যান্টিকাটার দিয়ে রাজা মিয়াকে গলা কেটে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালান।

রাজা মিয়া মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বলে জানতে পেরেছে পুলিশ। তিনি স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় থাকেন। তাঁর গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়।