সিলেট, খুলনা, বরগুনার পর এবার রাজধানীতে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত কিশোরের নাম রাজা মিয়া (১৬)। হাজারীবাগের গণকটুলিতে মোবাইল ও ল্যাপটপ চুরির অভিযোগে তাঁকে হত্যা করা হয় বলে দাবি স্বজনদের।
আর এ হত্যার অভিযোগ হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া ও তাঁর সহযোগী কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আরজুসহ চারজনকে আটক করা হয়েছে।
রাজার স্বজনেরা অভিযোগ করেন, আজ ভোরে আরজু মিয়ার চারটি মোবাইল সেট ও ল্যাপটপ চুরি হয়ে যায়। সন্দেহের বশে আরজু পার্শ্ববর্তী বাসা থেকে রাজুকে ধরে নিয়ে বেদম পিটুনি দেয়। এতে রাজা মারা যায়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আর আরজুকে র্যাব আটক করেছে বলে হাজারীবাগ থানা থেকে প্রথম আলোকে জানানো হয়েছে।