এক কিশোর গ্রেপ্তার

রাস্তায় স্কুলছাত্রীর চুল ধরে টানা হেঁচড়া, ঘুষি

হবিগঞ্জ শহরে প্রকাশ্যে এক স্কুলছাত্রীর চুলের মুঠি ধরে টানাহেঁচড়া ও কিল-ঘুষি দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে গতকাল শুক্রবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া কিশোরের নাম রুহুল আমিন রাহুল (১৪)। সকালে সদর উপজেলার লুকড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি বানিয়াচং উপজেলায়। সে হবিগঞ্জ শহরের একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমুদ্দিন বলেন, আটকের পর রাহুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ছাত্রীটির বাবা। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ ও ছাত্রীর অভিযোগ সূত্রে জানা গেছে, অষ্টম শ্রেণির ওই ছাত্রী গত ২৬ আগস্ট স্কুল ছুটি শেষে সহপাঠীদের সঙ্গে বাসায় ফিরছিল। পথে রুহুল তার সামনে দাঁড়ায় এবং তার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া ও কিল-ঘুষি মারে। এতে ছাত্রীটির সহপাঠীসহ পথচারীরাও হতভম্ব হয়ে যায়। তবে কেউ এর প্রতিবাদ করেনি। প্রকাশ্যে রাস্তায় এ ঘটনা কয়েকজন মুঠোফোনে ভিডিও করেন। গত মঙ্গলবার ফেসবুকে সেই ভিডিও ছড়িয়ে পড়ে। পরে ভিডিও চিত্র দেখে পুলিশ রাহুলকে শনাক্ত করে।
নির্যাতিত ছাত্রীটি জানায়, রাহুল স্কুলে আসা-যাওয়ার পথে রাস্তায় তাকে উত্ত্যক্ত করত। ভয়ে সে মঙ্গলবারের ঘটনা পরিবারকে জানায়নি।
ওসি নাজিমুদ্দিন বলেন, রাহুল পুলিশকে বলেছে, প্রেমে সাড়া না পেয়ে সে এ কাজ করেছে। এ ছাড়া ওই ছাত্রীর বান্ধবীর ভাই কয়েকজনকে নিয়ে সম্প্রতি তাকে মারধর করে।
ছাত্রী নির্যাতনের প্রতিবাদে সকালে শহরের এম সাইফুর রহমান মিলনায়তনে হবিগঞ্জ সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়। সভায় বক্তারা বলেন, এ ধরনের নির্যাতন কোনোভাবে মেনে নেওয়া যায় না।