লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে গতকাল সোমবার নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ওই ছাত্রী কয়েকজন সহপাঠীসহ সিএনজিচালিত অটোরিকশাযোগে স্কুলে যাচ্ছিল। এ সময় মাইক্রোবাস নিয়ে একদল সন্ত্রাসী তাদের অটোরিকশার গতিরোধ করে। পরে ওই ছাত্রীকে অটোরিকশা থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ সময় সহপাঠীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।
স্কুলের প্রধান শিক্ষক বলেন, তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চন্দ্রগঞ্জ থানার পুলিশকে জানিয়েছেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ওই ছাত্রীর মা থানায় অভিযোগ করেছেন। এ ঘটনায় মাইক্রোবাসের চালক রাসেলকে আটক করা হয়েছে।