গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকা থেকে গতকাল দুপুরে আবদুল হামিদ (৫০) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকার আহসান উল্যাহ ব্রিকস ফিল্ডের বালুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় বাজার করতে ইটভাটার পাশে কড্ডা বাজারে যান আবদুল হামিদ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল দুপুরে ইটভাটার শ্রমিকেরা বালু সরানোর কাজ করছিলেন। এ সময় বালুর নিচে লাশ দেখতে পান তাঁরা। পরে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। লাশের মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন আছে।