শেরপুরে মন্দিরের জমি নিয়ে সংঘর্ষ ছয়জন আহত

শেরপুর শহরের অভয়তারিণী কালীমন্দিরের বিরোধপূর্ণ জমিতে সংস্কারকাজকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন শেরপুরের মধ্যশেরী শিংপাড়া এলাকার অমূল্য রতন সিংহের তিন ছেলে প্রদীপ সিংহ (৫৫), রণজিত সিংহ (৪৫) ও রণক সিংহ (৪০) এবং একই এলাকার মৃত কেদারনাথ সিংহের ছেলে রণজিত সিংহ (৬০), রণজিতের ছেলে শুভ সিংহ (৩০) ও তাপস সিংহের ছেলে তুষার সিংহ (২৫)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালীমন্দিরের ২৫ শতাংশ জমি নিয়ে অমূল্য রতনের সঙ্গে মন্দির কমিটির কর্মকর্তাদের বিরোধ চলছে। এ নিয়ে গতকাল দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হন।