নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল শনিবার বিসিক শিল্পনগরসংলগ্ন শাসনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানান, দুপুর ১২টার দিকে শাসনগাঁও এলাকায় এক খণ্ড জমি নিয়ে একটি কারখানার শ্রমিকদের সঙ্গে ওই এলাকার সোলেমান দেওয়ানের লোকজনের সংঘর্ষ বাধে। এ সময় ১১টি দোকান ভাঙচুর করা হয়। আগুনে পুড়িয়ে দেওয়া হয় এসব দোকানের আসবাব ও মালামাল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।