দেশীয় অস্ত্রসহ সুন্দরবন থেকে তিন জলদস্যুকে আটক করা হয়েছে। একই সঙ্গে ২৭ জন জেলেকে উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে কোস্টগার্ডের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ও গতকাল বুধবার রাত পর্যন্ত সুন্দরবন ও সাগর মোহনায় অভিযান চালিয়ে ওই তিন দস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় জলদস্যুদের আস্তানা থেকে অপহৃত ২৭ জেলেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ দুপুরে কোস্টগার্ডের পাথরঘাটা ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবেন কোস্টগার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন আনোয়ার হোসেন। সেখানে বিস্তারিত জানানো হবে।
কোস্টগার্ডের সূত্রে জানা গেছে, সাগরে ডাকাতি ও এক জেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাগরসহ সুন্দরবন অঞ্চলে টহলসহ নজরদারি বাড়ায় কোস্টগার্ড। গত মঙ্গলবার ও গতকাল বুধবার রাত পর্যন্ত সুন্দরবন এবং সাগর মোহনায় অভিযান চালায় কোস্টগার্ড। জলদস্যুদের কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি কাটা রাইফেল ও একটি এলজি উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা জেলেদের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া ও বরগুনার পাথরঘাটা উপজেলায়।
আটক করা তিন জলদস্যুর নাম ও পরিচয় এখনো প্রকাশ করেনি কোস্টগার্ড।