ফেনীর সোনাগাজীতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে অজ্ঞান করে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে গেছে। গত শনিবার রাতে উপজেলার বগাদানা ইউনিয়নের দুর্গাপুর এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। তবে ঘটনাটি জানাজানি হয় গতকাল সোমবার।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শনিবার রাতে আবদুর রাজ্জাক (৭০) ও রোকেয়া বেগম (৬০) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাতে কোনো একসময় কয়েকজন দুর্বৃত্ত কৌশলে তাঁর ঘরে ঢুকে লুকিয়ে থাকে।
গৃহকর্তা আবদুর রাজ্জাক বলেন, তাঁরা ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ করে দরজায় আওয়াজ হলে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। এ সময় কয়েকজন লোকজন তাঁকে ও তাঁর স্ত্রীকে নেশাজাতীয় দ্রব্য নাকে লাগিয়ে দেয়। এরপর তাঁর আর কিছু মনে নেই।
প্রতিবেশীরা জানায়, সকালে ঘরের দরজা খোলা দেখে ভেতরে গিয়ে দুজনকে খাটের ওপরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। পরে তাঁদের দুজনকে অচেতন অবস্থায় ফেনীর শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। খবর পেয়ে সোনাগাজী মডেল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে আবদুর রাজ্জাক ও তাঁর স্ত্রী রোকেয়া বেগম ফেনীর ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আবদুর রাজ্জাক বলেন, ঘর থেকে নয় ভরি স্বর্ণালংকার ও দুই লাখ টাকা খোয়া গেছে।
বগাদানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইছহাক খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ধরনের ঘটনার তাঁর ইউনিয়নে আরও কয়েকটি বাড়িতে ঘটেছে। তবে কেউ থানায় লিখিত অভিযোগ না দেওয়ায় পুলিশ ব্যবস্থা নিতে পারেনি।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কারা করেছে, নাকি পারিবারিক কোনো কারণে হয়েছে—এসব বিষয়গুলোকে সামনে রেখে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।