হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

আধিপত্য নিয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামে আজ বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত।

নিহত ব্যক্তিরা হলেন বেজুড়া গ্রামের খোরশেদ মিয়ার মেয়ে রিনা বেগম (১৭) ও একই গ্রামের জামাল মিয়া (৮০)।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাছেদ জানান, বেজুড়া গ্রামের নাসির উদ্দিন ও আরজু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ ছোটদের খেলা নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলে রিনা বেগম ও জামাল মিয়ার মৃত্যু হয়।

ওসি জানান, দুই পক্ষের আহত ৫০ জনের মধ্যে অনেককে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতাল ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।