বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে গত বৃহস্পতিবার রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ীর হামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব হোসেন গুরুতর আহত হয়েছেন। এ সময় মাদক ব্যবসায়ী টুটুল সরদারকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। আহত মাহবুব হোসেন জানান, তিনি কটকস্থল এলাকায় অভিযান চালিয়ে টুটুলকে ধাওয়া করে জাপটে ধরেন। এ সময় তাঁর ওপর হামলা চালিয়ে জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন টুটুল। এ ঘটনায় তিনি টুটুল ও হিরা মাঝিকে আসামি করে বৃহস্পতিবার রাতে বরিশাল কোতোয়ালি থানায় একটি মামলা করেন।