
রাজধানীর শেরেবাংলা নগরে শিশু হাসপাতালের শৌচাগার থেকে মঙ্গলবার দুপুরে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে ওই নবাজাতককে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম প্রথম আলোকে বলেন, হাসপাতালের শৌচাগারে এক নবজাতকে (কন্যা) পড়ে থাকতে দেখে রোগীর স্বজনেরা ওয়ার্ড মাস্টারকে জানান। পরে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নবজাতকটি দুই দিনের বলে ধারণা করা হচ্ছে। ভিডিও ফুটেজ দেখে বিষয়টি খতিয়ে দেখা হবে।
এই ঘটনায় হাসপাতালটির ওয়ার্ড মাস্টার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। চিকিৎসকের বরাত দিয়ে ওয়ার্ড মাস্টার বলেন, নবজাতকটি মোটামুটি সুস্থ আছে। তাঁর চিকিৎসা চলছে।