যশোরের মনিরামপুর উপজেলার মোহনপুর বটতলা থেকে অন্তত ২০০ বস্তা শামুক উদ্ধার করে জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে মনিরামপুর থানার পুলিশ ওই শামুক জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, টহল পুলিশের একটি দল অভিযান চালিয়ে মোহনপুর বটতলা থেকে দুটি পিকআপভ্যান ও ৩০টি নসিমনে থাকা অন্তত ২০০ বস্তা শামুক জব্দ করে। যানবাহনগুলো শামুক নিয়ে মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের দিকে যাচ্ছিল। মনিরামপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, শামুকগুলো যশোরের শার্শা, সাতক্ষীরার কলারোয়া ও মাগুরার শালিখা উপজেলার বিভিন্ন জলাশয় থেকে সংগ্রহ করে মাছের খাবার হিসেবে ব্যবহারের জন্য মনিরামপুরে আনা হয়েছিল। ইউএনও সাহেবের সঙ্গে আলোচনা করে শামুকগুলো জব্দ করে জলাশয়ে ছেড়ে দেওয়া হয়েছে।