নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ছয়টি তাজা ককটেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালের দিকে ডিএডি ফারুকুল ইসলামের নেতৃত্বে র্যাব-১১ এর একটি দল যাত্রামুড়া এলাকার আল আমিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ছয়টি তাজা ককটেলসহ আল আমিন ও আক্তার হোসেন নামে দুজনকে আটক করা হয়। পরে ওই দুজনকে রূপগঞ্জ থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এই ঘটনায় র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন বাদী হয়ে বিকেলে ওই দুজনকে আসামি করে রূপগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।