গ্রেপ্তার
গ্রেপ্তার

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫

রাজধানীর বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৪৬৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় মাদক ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৫টি মামলা করা হয়েছে।

আজ বুধবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া মতিঝিলে ৮৩, তেজগাঁওয়ে ৮০, ওয়ারীতে ৬৪, রমনা ও লালবাগ বিভাগে ৩৮ জন করে, উত্তরা বিভাগে ৩৪, গুলশানে ৩৩ এবং গোয়েন্দা (ডিবি) পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি শটগানের কার্তুজ, দুটি ছুরি, ৫০ কেজি গাঁজা, ২৯৯টি ইয়াবা ও ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি পিকআপ, ১১টি মুঠোফোন, একটি স্টিলের রড, পাঁচটি কাঠের স্ট্যাম্প, দুটি বোতলের ছিপি, কিছু ফয়েল পেপার ও নগদ ৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

অভিযান চলাকালে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।