
চট্টগ্রামে ১৫ বছর আগে একটি প্রাইভেট কার থেকে মাদকদ্রব্য উদ্ধারের মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত ব্যক্তির নাম মো. শাহজাহান। আজ সোমবার প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদার এ রায় দিয়েছেন।
সরকারি কৌঁসুলি কানু রাম শর্মা বলেন, আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। তবে জামিনে থাকা আসামি পলাতক।
আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ২১ জুন চট্টগ্রাম নগরের শহীদ সাইফুদ্দিন খালেদ রোডের চট্টগ্রাম ক্লাব প্রবেশমুখের সামনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করে। গাড়ির পেছনে কয়েকটি বস্তায় ৫০৪টি ক্যান পাওয়া যায়। সেগুলোতে ২৫২ লিটার নিষিদ্ধ বিয়ার ছিল। এরপর আসামিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। তদন্ত শেষে একই বছরের ১৫ জুলাই আদালতে অভিযোগপত্র জমা পড়ে। ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ রায় দিলেন।