
প্রবাসীর বাড়িতে চুরি করা টাকা দিয়ে পবিত্র ঈদুল আজহায় গরু কিনে কোরবানি দেন। বাবার মৃত্যুবার্ষিকীতে করেন খাবারের আয়োজন। চোর চক্রের দলনেতা আবুল কাশেম আজ বুধবার বিকেলে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হকের আদালতের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য দেন।
গতকাল মঙ্গলবার রাতে আবুল কাশেমসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা। বাকি তিনজন হলেন হেলাল উদ্দিন, সালাউদ্দিন ও মো. সোহাগ। সোহাগ ছাড়া বাকি তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। আবুল কাশেমের বাড়ি নোয়াখালীতে। বর্তমানে চট্টগ্রামের মিরসরাইয়ে স্থায়ীভাবে পরিবার নিয়ে থাকেন তিনি।
গত ৮ জুন রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগর গ্রামে প্রবাসী আবদুল কাদেরের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় রাউজান থানায় প্রবাসীর করা মামলায় বলা হয়, তাঁর বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মুঠোফোন, ল্যাপটপসহ প্রায় ৫৫ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনার দিন ঘরে কেউ ছিলেন না। তারা এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন।
তদন্তে থানা-পুলিশ কোনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় পিবিআইতে তদন্তের জন্য আদালতে আবেদন করেন বাদী । গত ২০ জুলাই পিবিআই তদন্ত শুরু করে।
পিবিআই চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, মাত্র ১০ দিনের মধ্যে পিবিআই চোরের দলকে শনাক্ত করে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে নয় ভরি সোনা, দুটি মোটরসাইকেল ও ঘটনায় ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিরা স্বীকার করেছেন, তারা একই কায়দায় পার্শ্ববর্তী হাটহাজারী ও ফটিকছড়িতেও চুরি করে আসছিল। দিনের বেলায় মোটরসাইকেল দিয়ে রেকি করে আসেন। আর রাতের বেলায় সিএনজি অটোরিকশায় গিয়ে চুরি করেন। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও তিন আসামি চুরির ঘটনা স্বীকার করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম জেলা উপপরিদর্শক (এসআই) কামাল আব্বাস প্রথম আলোকে বলেন, চুরি করা নগদ টাকা ও সোনা বিক্রি করে তারা প্রত্যেকে আড়াই লাখ টাকা করে ভাগে পাওয়ার কথা স্বীকার করেছেন। তবে টাকার পরিমাণটি আরও বেশি হতে পারে। চোরেরা তা গোপন করে গেছেন।
তদন্ত কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তারের পর চোর দলের নেতা আবুল কাশেম স্বীকার করেছেন যে, চুরির ভাগ পাওয়া টাকায় গত জুন মাসে পবিত্র ঈদুল আজহায় কয়েকজনের সঙ্গে মিলে গরু কোরবানি দিয়েছেন। সেখানে দেন ৩০ হাজার টাকা। এরপর গ্রামের বাড়ি মিরসরাইয়ে গত মাসের মাঝামাঝি তাঁর বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০ হাজার টাকা খরচ করে খাবারের আয়োজন করেন তিনি। বাকি টাকা সংসারের জন্য খরচ করেন। তার কোনো পেশা নেই। চুরিই তার পেশা ও নেশা।