রাজধানীর উত্তরায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তরা পূর্ব ও উত্তরা পশ্চিম থানা-পুলিশ এসব অভিযান পরিচালনা করে।
ডিএমপির পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কৃষক লীগের উত্তরা পূর্ব থানার সাবেক সাংগঠনিক সম্পাদক নান্নু শেখ (৪০), নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পটুয়াখালী জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান হীরা (২৭), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রামাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত খান (৬৪) ও স্বেচ্ছাসেবক লীগের নেতা রিপন মজুমদার (৩৪)।
উত্তরা পশ্চিম থানা-পুলিশের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বেলা ৩টা ৫ মিনিটে উত্তরা ১২ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে সালাউদ্দিন খানকে গ্রেপ্তার করা হয়। এরপর সন্ধ্যা পৌনে ছয়টায় ৩ নম্বর সেক্টরের আজমপুর আমীর কমপ্লেক্সের সামনে থেকে নান্নু শেখকে এবং রাত পৌনে আটটায় একই সেক্টরের ২ নম্বর সড়ক থেকে শাহাদাত খানকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নান্নু শেখ ও সালাউদ্দিন খান বিভিন্ন ষড়যন্ত্রমূলক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে অংশ নিতেন। এসব কর্মকাণ্ডের ছবি তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার করতেন। গ্রেপ্তার সালাউদ্দিনের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় একাধিক মামলা ও শাহাদাতের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মামলা রয়েছে।
এ ছাড়া উত্তরা পূর্ব থানা-পুলিশ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে আবদুল্লাহপুরের পলওয়েল মার্কেটের সামনে অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মজুমদারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।