রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড পাওয়া দালালেরা। ২৩ জুলাই ২০২৬
রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড পাওয়া দালালেরা। ২৩ জুলাই ২০২৬

মিরপুরের বিআরটিএ কার্যালয়ে অভিযান

পাঁচ দালালের কারাদণ্ড, তিনজনকে জরিমানা

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে অভিযান চালিয়ে পাঁচ দালালকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তিনজনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিআরটিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিআরটিএর ওই কার্যালয়ে সেবা নিতে আসা গ্রাহকদের হয়রানি রোধ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান চালান সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান।

কারাদণ্ড পাওয়া পাঁচজন হলেন বাবুল হোসেন (৩৮), মো. কাওসার আলী (৩০), আবদুল্লাহ আল রাজীব (৪০), আবদুল মান্নান (৪৬) ও মো. শামীম (৩৪)। বিআরটিএ জানায়, আটক ব্যক্তিরা ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করায় তাঁদের এ সাজা দেওয়া হয়। তবে অভিযানের সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে যান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, অভিযুক্ত ব্যক্তিরা গ্রাহকদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাগজপত্র ও অর্থ নিয়ে প্রতারণা করতেন। দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।