
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুর নবী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ বলছে, বাসে আগুন দেওয়ার ঘটনায় যে দুজনকে আটক করা হয়েছে, তাঁদের পরিচয় জানা যায়নি।
সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার। এমন পরিস্থিতিতে নাশকতামূলক তৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইতিমধ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।