হাতকড়া
হাতকড়া

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জাল নোটসহ দুজন গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল শনিবার রাতে যাত্রাবাড়ী-ডেমরা মহাসড়কের কাজলারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিবি ওয়ারী বিভাগ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রুবেল হাওলাদার (৩৬) ও সেলিনা আক্তার ওরফে নাসিমা (৫৮)। তাঁদের কাছ থেকে মোট ৩৫ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে যাত্রাবাড়ী-ডেমরাগামী সড়কে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুটি ব্যাগসহ রুবেল হাওলাদার ও সেলিনা আক্তারকে আটক করা হয়।

ডিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ঢাকার বিভিন্ন স্থান থেকে জাল নোট সংগ্রহ করে আসছিলেন। এসব নোট আসল নোট হিসেবে বাজারে চালিয়ে অধিক মুনাফা করার উদ্দেশ্যে নিজেদের দখলে রেখেছিলেন বলে তাঁরা জানিয়েছেন।

ডিবি জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার ও আরও জাল নোট উদ্ধারে ডিবির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।