গ্রেপ্তার দেলোয়ার হাওলাদার
গ্রেপ্তার দেলোয়ার হাওলাদার

বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১

বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে তল্লাশি চালিয়ে ২৮০টি ইয়াবা বড়িসহ দেলোয়ার হাওলাদার (৩৩) নামের চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়।

গ্রেপ্তার দেলোয়ারের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার সফিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বজ্রমোহন গ্রামে।

ঢাকা নৌ পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে আগে থেকেই জয়ন্তী নদীতে অবস্থান নেয় নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল। নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বেলায়েত হোসেন খানের নেতৃত্বে দলটি রাতে সন্দেহভাজন ট্রলারটির গতিরোধ করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক দেলোয়ারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তল্লাশি করা হয়।

তল্লাশিকালে দেলোয়ারের পরনে থাকা লুঙ্গির বাঁ কোঁচড় থেকে কালো স্কচটেপ দিয়ে প্যাঁচানো দুটি প্যাকেট পাওয়া যায়। স্থানীয় ও উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আলো জ্বালিয়ে প্যাকেট দুটি খুলে হালকা গোলাপি রঙের মোট ২৮০টি ইয়াবা বড়ি পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশ আইন ও বিধি মোতাবেক জব্দতালিকা প্রস্তুত করে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করে ইয়াবা ও ট্রলারটি হেফাজতে নিয়েছে। দেলোয়ারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে নৌ পুলিশের এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।